মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যুপুরী কিশতওয়ার, মৃতের সংখ্যা বেড়ে ৬০; পরিদর্শনে মুখ্যমন্ত্রী!

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। প্রকৃতির রুদ্ররোষে কিশতওয়ারের চাসটি গ্রাম কার্যত এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০ জনে। আহত অবস্থায় ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে, এবং কাদামাটির নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ, এসডিআরএফ) এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। মৃতদের মধ্যে সিআইএসএফ-এর দুই জওয়ানও রয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত মোট ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পরিস্থিতি সরেজমিনে দেখতে শুক্রবার কিশতওয়ারের ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কেন্দ্রের তরফে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ধরনের ঘটনা কেন ঘটল, তা নিয়েও আলোচনা করার প্রয়োজন আছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।