দীর্ঘ ৩ বছরের প্রক্রিয়া, দত্তক নিতে আগ্রহ হারাচ্ছেন দম্পতিরা, যে পরামর্শ দিলো সুপ্রিম কোর্ট

ভারতে সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী হওয়ায় অভিভাবকেরা আগ্রহ হারাচ্ছেন। সম্প্রতি দেশের শীর্ষ আদালত (সুপ্রিম কোর্ট) একটি শিশু পাচার সংক্রান্ত মামলার শুনানিতে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি নাগারত্ন এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দত্তক প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা উচিত।

সুপ্রিম কোর্টের মতে, বর্তমান প্রক্রিয়ায় একটি সন্তান দত্তক নিতে নিঃসন্তান দম্পতিদের তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিচারপতিরা বলেন, “যেখানে বাবা-মায়ের সন্তান পাওয়ার জন্য ব্যাকুল থাকার কথা, সেখানে এই দীর্ঘ অপেক্ষার কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন।” এই দীর্ঘসূত্রতা যদি দূর করা না যায়, তাহলে অনেক আবেদনকারী মাঝপথেই হাল ছেড়ে দেবেন এবং দত্তক নেওয়ার হার আরও কমে যাবে।

সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ভারতে শিশু দত্তক নেওয়ার সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এই সংখ্যাবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ, আবেদন জমা দেওয়ার পর দম্পতিদের গড়ে তিন বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

সুপ্রিম কোর্ট মনে করে, যদি দত্তক প্রক্রিয়াকে সরল করা যায়, তাহলে বেশি সংখ্যক শিশু নতুন পরিবার পাবে এবং নিঃসন্তান দম্পতিদের জীবনেও আনন্দ ফিরে আসবে। আদালত এই প্রক্রিয়ার সংস্কারের উপর জোর দিয়েছে, যাতে এটি আরও দ্রুত এবং কার্যকর হতে পারে।