‘আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্প থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটাই হত না’! বলে দিলেন পুতিন

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ২০২২ সালে ক্ষমতায় থাকতেন, তাহলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুই হতো না। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের কথায়, ট্রাম্পের সঙ্গে তার এক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাত দ্রুত মিটিয়ে ফেলতে সাহায্য করবে।

বৈঠকের পর পুতিন বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। আমি সেই সময় বাইডেনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, যাতে পরিস্থিতি এমন দিকে না যায় যেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়।” তিনি আরও বলেন, “আমি তখন বলেছিলাম, পরিস্থিতি যেন এমন দিকে না গড়ায় যাতে আর ফেরার রাস্তা না থাকে।”

ট্রাম্প বারবারই দাবি করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধটা হতে দিতেন না। পুতিনও এই দাবিকে সমর্থন করে জানিয়েছেন, ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তাদের মধ্যে সমস্যা মেটানোর সময় এসেছে। পুতিন বলেন, তাদের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি। তবে দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন যে তাদের বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার পর এই প্রথম পুতিন আমেরিকার মাটিতে পা রাখলেন। এই যুদ্ধ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাই এই বৈঠককে কেন্দ্র করে অনেকেই আশাবাদী ছিলেন।