মুম্বইয়ের হাসপাতাল থেকে পলাতক অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি! শহরজুড়ে তল্লাশি পুলিশের

মুম্বইয়ের জেজে হাসপাতাল থেকে এক অন্তঃসত্ত্বা বাংলাদেশি বন্দি পালিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক বন্দিকে ধরতে মুম্বই পুলিশ শহরজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে।

পালিয়ে যাওয়া ওই বাংলাদেশি নারীর নাম রুবিনা ইরশাদ শেখ (২৫)। নকল জন্ম নথির সাহায্যে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে গত ৭ আগস্ট ভাসি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্ট-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছিল। এরপর তাকে বাইকুল্লা মহিলা সংশোধনাগারে পাঠানো হয়।

গত ১১ আগস্ট জ্বর, সর্দি এবং চর্মরোগের সমস্যার পাশাপাশি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় চিকিৎসার জন্য তাকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার, ১৪ আগস্ট দুপুরের দিকে রুবিনা হাসপাতালের ভিড়ের সুযোগ নিয়ে একজন মহিলা পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর মুম্বই পুলিশ নড়েচড়ে বসেছে এবং পলাতক রুবিনাকে দ্রুত গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে। একইসঙ্গে, বন্দিদের হাসপাতালে নিয়ে আসার সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়েও কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে।