সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় আগ্রহ হারাচ্ছেন বাবা-মায়েরা! উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

ভারতে সন্তান দত্তক নেওয়ার প্রবণতা সময়ের সঙ্গে তেমনভাবে বাড়েনি। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দত্তক নেওয়ার পথ এখনও কঠিন। সম্প্রতি দেশের শীর্ষ আদালতও (Supreme Court) এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার শিশু পাচার সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি নাগারত্ন এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে দত্তক ইস্যুটি আলোচিত হয়। আদালত জানায়, ভারতে শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। এর ফলে অনেক নিঃসন্তান দম্পতিকে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। বিচারপতিদের মতে, “সন্তান পাওয়ার জন্য যেখানে বাবা-মায়ের ব্যাকুল হওয়ার কথা, সেখানে একটি শিশুকে দত্তক নিতে তাদের তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।” এই দীর্ঘ অপেক্ষার কারণে অনেক দম্পতি আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছে সুপ্রিম কোর্ট।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে শিশু দত্তকের সংখ্যা সাড়ে চার হাজার ছুঁয়েছে, যা গত ১১ বছরে সর্বোচ্চ। কিন্তু আবেদন জমা দেওয়ার পর দম্পতিদের গড়ে তিন বছরের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। এই কারণে দত্তক বৃদ্ধির এই ধারা স্থায়ী হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সুপ্রিম কোর্টের মতে, দত্তক প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা প্রয়োজন। তাহলেই শিশুরা নতুন পরিবার পাবে এবং নিঃসন্তান দম্পতিদের জীবনে নতুন আলো আসবে।