সুখবর সরকারি কর্মীদের জন্য! পুজোর আগেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা, কত শতাংশ? জানুন বিস্তারে

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকার ২৫% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি। বরং, এই বিষয়ে শুনানির জন্য আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করেছে। গত সপ্তাহে টানা তিন দিন এই মামলার শুনানি হয়েছে এবং আগামী ২৬ আগস্ট সুপ্রিম কোর্টে আবার তা উঠবে। এই দীর্ঘসূত্রিতা রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।

অন্যদিকে, রাজ্য যখন বকেয়া ডিএ নিয়ে এই সমস্যার মুখোমুখি, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর। চলতি বছরে দ্বিতীয়বারের মতো তাঁদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

এই ডিএ বৃদ্ধি প্রায় ১ কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীর জন্য স্বস্তির খবর। বর্তমানে তাঁরা ২০২৫ সালের জুলাই মাসের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার ডিএ ৩% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর আগে বছরের শুরুতে মাত্র ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

উল্লেখযোগ্য যে, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা সংশোধন করা হয়, অর্থাৎ বছরে দু’বার—জানুয়ারি এবং জুলাইতে। বর্তমানে তাঁরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন। যদি জুলাই থেকে ৩% বৃদ্ধি কার্যকর হয়, তবে তাঁদের মোট মহার্ঘ ভাতা ৫৫% থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছাবে।

কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। তার আগে সপ্তম পে কমিশনের অধীনে এটিই শেষ ডিএ বৃদ্ধি, যার ঘোষণা দীপাবলির সময় হতে পারে।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ কবে বাড়বে, সেই বিষয়ে এখনও কোনো আশার খবর পাওয়া যায়নি।