ধানমন্ডিতে কঠোর নিরাপত্তা! বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৫০তম বর্ষপূর্তিতে ইউনূস সরকারের কড়া অবস্থান

আজ, ১৫ আগস্ট, বাংলাদেশের জন্য এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এবার এই হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তি হলেও, ধানমন্ডির ওই বাড়িতে শোক জানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বর্তমান ইউনূস সরকার। পুরো এলাকা পুলিশি ব্যারিকেড ও জলকামানে ঘিরে ফেলা হয়েছে।

এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই দিনে ধানমন্ডির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাতেন। কিন্তু এবার সেখানে কোনো ধরনের নাশকতা বা উত্তেজনা পরিস্থিতি এড়াতে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক সংবাদমাধ্যমকে বলেন, “কেউ যাতে কোনো রকম নাশকতা বা উত্তেজনা পরিস্থিতি তৈরি না করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই অবস্থান।”

আইনী নিষেধাজ্ঞা সত্ত্বেও, সকাল থেকে বেশ কিছু মানুষ ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় ঢোকার চেষ্টা করেছেন। তাদের অনেককে পুলিশ আটক করেছে। এমনকি ধ্বংসস্তূপে ফুল দিতে যাওয়া এক মহিলাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। ইউনূস সরকারের এই পদক্ষেপের ফলে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।