রেড রোডে গরমে অসুস্থ অন্তত ৩৫ জন, বেশিরভাগই স্কুল পড়ুয়া! অসুস্থদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে রেড রোডে অসুস্থ হয়ে পড়লেন ৩৫ জনেরও বেশি মানুষ, যার মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। তীব্র গরমে তাদের ডি-হাইড্রেশন হয়েছিল। অসুস্থ হওয়ার পরপরই তাদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখতে হাসপাতালে পৌঁছান এবং খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাদের প্রত্যেকেরই ডি-হাইড্রেশন হয়েছিল এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে। প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হতে পারে।
স্বাধীনতা দিবসের এই প্যারেডে বাংলার অস্মিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলি উঠে এসেছে। একদিকে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনা যখন রাজ্য সরকারের উদ্বেগের কারণ, তখন প্যারেডে শ্রমিকদের জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পের প্রদর্শনী করা হয়। কোনও ট্যাবলোর মাধ্যমে নয়, বরং হাতে প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকদের হাঁটিয়েই সেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্যারেডে হাঁটা ছাত্রীদের হাতে ছিল বাংলার মনীষীদের প্রতিকৃতি। মুখ্যমন্ত্রীও তাঁর শুভেচ্ছা বার্তায় বাংলার বিপ্লবী ও মনীষীদের নাম উল্লেখ করে বাঙালি অস্মিতা রক্ষা করার ডাক দিয়েছেন।