দিঘার জগন্নাথধামে প্রথমবার জন্মাষ্টমীর উৎসব, থাকছে বিশেষ আকর্ষণ! কখন খুলবে মন্দিরে প্রবেশ পথ?

আগামী শনিবার জন্মাষ্টমী উপলক্ষে দিঘার নবনির্মিত জগন্নাথধামে প্রথমবারের মতো উৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তদের ঢল নামবে আশা করে মন্দির চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিশেষ দিনে ভক্তদের জন্য মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মাষ্টমীর দিন ভোর ৬টা থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভক্তিমূলক অনুষ্ঠান। প্রতিদিন মন্দির বন্ধ হয়ে গেলেও, জন্মাষ্টমীর দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
এই উপলক্ষে ভোরে জগন্নাথদেবকে মঙ্গলারতি দিয়ে পূজা করা হবে এবং সারাদিন ধরে নামসংকীর্তন চলবে। সন্ধ্যাবেলায় গোটা মন্দির আলোকসজ্জায় সেজে উঠবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ভক্তদের জন্য ‘পূণ্যস্নিগ্ধ কলস অভিষেক’-এর ব্যবস্থা করা হয়েছে। শ্রীকৃষ্ণের স্নানের জল কলসে করে রাখা হবে, যা ভক্তরা ৯৩৩৩০১২৩৪৫ নম্বরে ফোন করে বুক করতে পারবেন।
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেন, “প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন হবে। সকাল থেকে মঙ্গলারতি ও কীর্তন চলবে এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। রাত ১২টায় হবে শ্রীকৃষ্ণ জন্মোৎসব পুজো।” এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। শনিবার সকালে দিঘা জগন্নাথধামের পাশে থাকা নেচারপার্কে জেলাশাসক পূর্ণেন্দু মাজী এই কর্মসূচির সূচনা করবেন।