Recipe: ইলিশ না চিংড়ি? দ্বন্দ্ব সরিয়ে শিখেনিন আজকের সেরা দুই রান্না, রইলো পদ্ধতি

ইলিশ না চিংড়ি—কোনটা সেরা? এই নিয়ে বাঙালির মনে বিতর্ক থাকলেও, রান্নার ক্ষেত্রে দুটিই সমান জনপ্রিয়। ইলিশ এবং চিংড়ি, দুই মাছেরই এমন কিছু সুস্বাদু রেসিপি আছে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমরা তেমনই দুটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি: ‘গন্ধরাজ ইলিশ’ এবং ‘চিংড়ির মুইঠ্যা’।

১. গন্ধরাজ ইলিশ

এই রেসিপিটি ইলিশপ্রেমীদের জন্য এক দারুণ চমক। গন্ধরাজ লেবুর সুগন্ধ আর কাঁচালঙ্কার ঝাল ইলিশের স্বাদকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।

উপকরণ: ইলিশ মাছ, কাঁচা হলুদ বাটা, গন্ধরাজ লেবুর রস ও খোসা, কাঁচালঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টকদই, নুন, চিনি, জল এবং সাদা তেল।

প্রণালী: প্রথমে, মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর মাছের টুকরোগুলোতে নুন, অল্প কাঁচা হলুদ বাটা, লেবুর রস, লেবুর খোসা এবং আদা বাটা মাখিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। একটি ননস্টিক প্যানে সামান্য তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই প্যানেই পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিন এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে ফেটানো টকদই, লেবুর রস ও খোসা ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ ইলিশ।

২. চিংড়ির মুইঠ্যা

যারা চিংড়ি ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ পদ। চিংড়ির মুইঠ্যা তৈরির জন্য প্রয়োজন ধৈর্য এবং সঠিক পদ্ধতি অনুসরণ করা।

উপকরণ: চিংড়ি মাছ (৫০০ গ্রাম), সেদ্ধ আলু (১৫০ গ্রাম), ধনেপাতা কুচি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন, নারকেলের দুধ, সর্ষের তেল, এবং গ্রেভির জন্য প্রয়োজনীয় মশলা।

প্রণালী: প্রথমে, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে বেটে নিন। একটি বড় পাত্রে বাটা চিংড়ির সঙ্গে সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা এবং নুন মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ থেকে বড়ার মতো মুইঠ্যা তৈরি করুন।

গ্রেভির জন্য, একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন, আদা, কাজু, টমেটো ও গোটা গরমমশলা দিয়ে ভেজে নিন। ঠান্ডা হলে এই মিশ্রণটি বেটে নিন। এরপর কড়াইয়ে আবার তেল গরম করে তেজপাতা, গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিন। ভালো করে কষিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়লে নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। এরপর মুইঠ্যাগুলো ঝোলে দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ির মুইঠ্যা।