স্বাধীনতা দিবসে রাজ্যপালের মন্তব্যে রাজনৌতিক বিতর্ক, ‘বাংলার পরিযায়ী শ্রমিক’-দের কথা তুলতেই তুমুল ঝড়!

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুরের গান্ধী ঘাটে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তার এই মন্তব্যের পরপরই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক রাজনৈতিকভাবে তার জবাব দেন, যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

রাজ্যপালের আশ্বাস
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভিন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকদের যে সমস্যার মুখে পড়তে হচ্ছে, তার দ্রুত সমাধান হবে। তিনি বলেন, “প্রশাসনিক স্তরে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমি আশা রাখি, খুব দ্রুত এর একটা সমাধান হবে।” তবে তিনি ভিন রাজ্যে পুলিশের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পার্থ ভৌমিকের ক্ষোভ ও পাল্টা মন্তব্য
রাজ্যপালের মন্তব্যের পরেই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু সেই বাঙালিই আজ বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচারিত হচ্ছে।” তিনি আরও বলেন, আন্দামান সেলুলার জেলের বন্দি তালিকা থেকে বারীন্দ্রকুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের মতো বিপ্লবীদের নাম মুছে ফেলা হচ্ছে।

পার্থ ভৌমিক বলেন, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে। তিনি মনে করেন, এখন আবার একবার বাংলার স্বাধীনতা এবং বাংলা ভাষার জন্য লড়াই করার সময় এসেছে।

রাজ্যপালের ‘প্রত্যাশা’ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, “ওনার প্রত্যাশা দেখে ভালো লাগছে। কিন্তু যাদের ভরসায় উনি এই কথা বলছেন, তাদের উপর বাংলার মানুষের কোনো আস্থা নেই।” এই ঘটনাটি স্বাধীনতা দিবসের আনন্দের মধ্যেও রাজ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।