নতুন চাকরি পেলেই মোদী সরকার দেবে ১৫,০০০ টাকা, স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজের জন্য এক যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, এবার থেকে প্রথমবার বেসরকারি চাকরিতে যোগদানকারী তরুণ-তরুণীদের ১৫,০০০ টাকা নগদ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে, দেশের ৩.৫ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে তিনি ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা’ (PM VBRY) চালু করার কথা জানান। এই প্রকল্পটি আজ, ১৫ আগস্ট থেকেই কার্যকর হচ্ছে।
১ লক্ষ কোটি টাকার প্রকল্প
ঐতিহাসিক লাল কেল্লা থেকে একটানা ১২তম বারের মতো ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার দেশের যুব সমাজ, আজ ১৫ই আগস্ট, এবং ঠিক এই দিনেই আমরা আমাদের দেশের যুবকদের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি যোজনা শুরু করছি।” তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে দেশের যুবকদের জন্য ৩.৫ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং ১.৯২ কোটি প্রথমবারের মতো কর্মীকে কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে।
বেসরকারি চাকরির সুবিধা
প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পটির আওতায়, বেসরকারি ক্ষেত্রে প্রথম চাকরি পাওয়া তরুণ-তরুণীরা সরকারের কাছ থেকে ১৫,০০০ টাকা পাবেন।” যেসব কোম্পানি বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, তাদেরও বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে তিনি জানান। এই ঘোষণার পর লালকেল্লায় উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং তারা হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সেমিকন্ডাক্টর চিপ ও প্রযুক্তির নতুন দিগন্ত
ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি ঘোষণা করেন যে, এই বছরের শেষের দিকে ‘ভারতে তৈরি’ সেমিকন্ডাক্টর চিপ বাজারে পাওয়া যাবে, যা দেশের প্রযুক্তিগত যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অতীতের সরকারগুলির নিষ্ক্রিয়তার কারণে সেমিকন্ডাক্টর উন্নয়নে ভারত পিছিয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার এই খাতে ‘মিশন মোডে’ কাজ করছে এবং দেশকে সেমিকন্ডাক্টর উৎপাদনে স্বনির্ভর করার চেষ্টা করছে।