দীপাবলিতে ‘বড় উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি মোদীর, লালকেল্লা থেকে করলেন ঘোষণা! কি উপহার পাবে সাধারণ মানুষ?

৭৯ তম স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যুগান্তকারী ঘোষণা করলেন। তিনি জানান, সরকার এই বছরের দীপাবলির মধ্যেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার (Next Generation GST Reforms) চালু করবে। এই নতুন সংস্কারকে তিনি সমস্ত ভারতীয়দের জন্য ‘অনেক বড় উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এর ফলে কর ব্যবস্থা আরও সরল হবে এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরবে।

প্রধানমন্ত্রী বলেন, এই সংস্কারের মূল উদ্দেশ্য হল করের স্ল্যাবগুলিকে আরও যৌক্তিকীকরণ করা এবং অত্যাবশ্যকীয় ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের উপর জিএসটি হার কমানো। এর ফলে সাধারণ মানুষের উপর থেকে আর্থিক চাপ কমবে এবং পরিবারের খরচ হ্রাস পাবে। মোদী বলেন, “এই দীপাবলির মধ্যে আপনি একটি নতুন, আরও সরল জিএসটি কাঠামো দেখতে পাবেন যা সাধারণ মানুষের জীবনকে সহজ করে তুলবে এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে।”

ভাষণে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার উপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আত্মনির্ভরতা কেবল আমদানি-রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের দেশের সামগ্রিক শক্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি তরুণ বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং পেশাদারদের উদ্দেশে ভারতের নিজস্ব যুদ্ধবিমানের জন্য জেট ইঞ্জিন তৈরির আহ্বান জানান।

সেমিকন্ডাক্টর প্রসঙ্গে তিনি বলেন যে সরকার ‘মিশন মোডে’ কাজ করছে এবং এই বছরের শেষ নাগাদ ‘মেড ইন ইন্ডিয়া’ সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। প্রধানমন্ত্রী আরও দুঃখপ্রকাশ করে বলেন যে, ৫০-৬০ বছর আগে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু হলেও তা সফল হয়নি, যার ফলে দেশ অনেক মূল্যবান সময় হারিয়েছে।