‘দারুণ লেগেছে, অনেক অনেক শুভেচ্ছা…’, ‘রক্তবীজ ২’ টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের

গতকাল, ১৪ আগস্ট, প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দেব অভিনীত বহু আলোচিত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ্যে এসেছে অঙ্কুশ হাজরা অভিনীত ও আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর টিজার। ‘ধূমকেতু’র সাফল্য যখন দেবকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে শুভেচ্ছার বন্যায়, ঠিক তখনই অঙ্কুশের টিজার দেখে মুগ্ধ হয়েছেন দেব নিজেও।
বন্ধু অঙ্কুশকে দেবের শুভেচ্ছা
‘ধূমকেতু’র মুক্তির দিনে অঙ্কুশ এক ভিডিও পোস্ট করে পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন। বন্ধুত্বের সেই উষ্ণতাকে ফিরিয়ে দিয়ে দেব এবার অঙ্কুশকে তাঁর নতুন ছবির জন্য শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, “টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।” এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টলিউডের দুই জনপ্রিয় তারকার মধ্যে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
‘রক্তবীজ ২’-এর টিজারে চমক
‘রক্তবীজ ২’ ছবিতে ভারত ও বাংলাদেশের মধ্যেকার এক জটিল দ্বন্দ্বের গল্প উঠে আসবে। টিজারে দেখা গেছে, সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে। প্রথম পর্বের মতো এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন অঙ্কুশ হাজরা। প্রথম পর্বের শেষেই তাঁর আগমনের ইঙ্গিত থাকলেও, এই টিজারে তাঁর খলনায়কের চরিত্রটি একেবারে অন্যরকম ভাবে উপস্থাপিত হয়েছে। নকল মুনির সাজে তাঁর প্রবেশ দর্শককে রীতিমতো চমকে দিয়েছে।
অঙ্কুশের চরিত্রটি নিজের ইচ্ছায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে নাকি তাকে বাধ্য করা হয়েছে, তা ছবি মুক্তির পরেই জানা যাবে। তবে টিজার থেকেই স্পষ্ট যে, এই চরিত্রে অঙ্কুশ এক নতুন রূপে হাজির হতে চলেছেন। কাঞ্চন মল্লিক, নুসরত জাহান এবং কৌশানী মুখার্জীও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর দুর্গাপুজোয় ‘রক্তবীজ ২’ দর্শকদের হলে টানতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।