অবিশ্বাস্য! ভরা নদী সাঁতরে পার হচ্ছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার, ক্যামেরাবন্দি পর্যটকদের চোখেমুখে আনন্দের ঢেউ

বর্ষার মরসুমে সুন্দরবনের ইলিশ উৎসব এখন তুঙ্গে। এই উৎসবে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য এবার বাড়তি পাওনা হলো রয়েল বেঙ্গল টাইগারের দর্শন। তবে এবার একটি বা দুটি নয়, একসঙ্গে তিনটি পূর্ণবয়স্ক বাঘের দেখা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন পর্যটকরা।

গতকাল কলকাতার একদল পর্যটক ক্যানিং থেকে ‘এমবি জয় বাবা ভোলানাথ’ নামের একটি লঞ্চে করে সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। লঞ্চে করে ভ্রমণের সময় তারা পিরখালী জঙ্গল থেকে তিনটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারকে নদীতে নামতে দেখেন। বাঘগুলো ভরা নদী সাঁতরে এক পাড়ের জঙ্গল থেকে অন্য পাড়ে চলে যায়।

এই বিরল দৃশ্য দেখে পর্যটকরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। একজন পর্যটক বলেন, “কয়েক বছর ধরে সুন্দরবনের ইলিশ উৎসবে আসি এবং এখানকার সৌন্দর্য উপভোগ করি। কিন্তু এর আগে কখনো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাইনি। এবার একসঙ্গে তিনটি বাঘকে নদী পার হতে দেখে আমরা সত্যিই ভাগ্যবান।”

সুন্দরবনে বাঘের দর্শন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সেখানে একসঙ্গে তিনটি বাঘকে এমন বিরল ভঙ্গিমায় দেখতে পাওয়ায় পর্যটকদের এই অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ঘটনায় সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব আবারও প্রমাণিত হয়েছে।