জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

উত্তরাখণ্ডের পর এবার মেঘভাঙা বৃষ্টির কবলে পড়ল জম্মু ও কাশ্মীর। কিস্তওয়ার জেলায় হড়পা বানে সৃষ্ট ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৮ জন। আহত হয়েছেন প্রায় একশো জন। মৃতের মধ্যে দুইজন সিআইএসএফ জওয়ানও রয়েছেন। নিখোঁজদের সন্ধানে পুলিশ, সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে।
কিস্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মা জানিয়েছেন, চাসোতি গ্রামে এই হড়পা বান নামে। এই গ্রাম থেকেই ‘মচৈল মাতা যাত্রা’ শুরু হয়। দুর্ঘটনার সময় বহু পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিলেন। দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য এই যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে যে আরও অনেক মানুষ নিখোঁজ থাকতে পারেন।
এই প্রাকৃতিক বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডলে জানিয়েছেন যে, পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং কেন্দ্র থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আগামীকালের স্বাধীনতা দিবসের সমস্ত সাংস্কৃতিক কর্মসূচি বাতিল করার কথা ঘোষণা করেছেন। তবে স্বাধীনতা দিবসের মার্চ পাস্ট এবং বক্তৃতার মতো স্বাভাবিক কর্মসূচিগুলি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে। উপরাজ্যপাল মনোজ সিনহা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি উদ্ধারকাজে আরও গতি আনার জন্য সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।