চিপসেট তৈরিতে ভারত কেন পিছিয়ে, উদ্ভাবনের অভাবই কি প্রধান কারণ,

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল তৈরিতে শুধু উন্নত সফটওয়্যার নয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যার বা চিপসেটও অপরিহার্য। সম্প্রতি চিনের ‘ডিপসিক’ মডেল কম খরচে এবং কম ক্ষমতাসম্পন্ন প্রসেসর ব্যবহার করে চ্যাটজিপিটিকে হারিয়ে দিয়ে সারা বিশ্বে সাড়া ফেলেছে। এমন সাফল্য দেখে প্রশ্ন উঠছে, প্রয়োজনীয় মানবসম্পদ ও অর্থ থাকা সত্ত্বেও ভারত কেন নিজস্ব এনভিডিয়ার মতো চিপসেট তৈরি করতে পারে না?
সিঙ্গাপুরের বার্নস্টেইন রিসার্চ অ্যানালিস্ট বেণুগোপাল গ্যারের মতে, ভারতের বেশিরভাগ শিল্প খাতে একটি সাধারণ প্যাটার্ন দেখা যায়, যা হলো উদ্ভাবনের অভাব। বহু দশক ধরে ভারতীয় কর্পোরেট সংস্থাগুলো শুধু ব্র্যান্ড তৈরি এবং পণ্য পরিবেশনেই মনোযোগ দিয়েছে, কিন্তু মৌলিক উদ্ভাবনে পিছিয়ে রয়েছে। এই প্রবণতা প্রতিরক্ষা, সৌরশক্তি, বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি ফার্মাসিউটিক্যালস শিল্পেও দেখা যায়।
বার্নস্টেইন রিসার্চ অ্যানালিস্ট আরও উল্লেখ করেছেন যে, ভারতে উচ্চাভিলাষী উদ্যোগপতির অভাব রয়েছে, আর যাঁরা আছেন তাঁদের কাছে পর্যাপ্ত পুঁজি নেই। অথচ এনভিডিয়ার মতো চিপ প্রস্তুতকারক সংস্থার উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের একটি বড় অংশই ভারতীয়। এর অর্থ, ভারতে প্রয়োজনীয় মেধা ও মানবসম্পদ থাকা সত্ত্বেও তা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
তবে কি ভারতের এই পরিস্থিতি বদলাবে? ট্রাম্পের নতুন নীতিতে আমেরিকা থেকে ভারতের ছাত্রছাত্রীদের ফিরে আসার সম্ভাবনা বাড়ছে। এছাড়াও, ভারত বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে। এখন দেখার বিষয়, এই পরিবর্তনগুলো কি ভবিষ্যতে ভারতকে চিপসেট উদ্ভাবনে এগিয়ে নিয়ে যেতে পারবে কি না।