কগনিজেন্ট কর্মীদের জন্য সুখবর, ৮০% কর্মীর বেতন বাড়ছে নভেম্বর থেকে

দেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর অন্যতম কগনিজেন্ট তাদের কর্মীদের জন্য সুখবর নিয়ে এল। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর পর এবার কগনিজেন্টও কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে। দীর্ঘ অপেক্ষার পর সংস্থার প্রায় ৮০ শতাংশ কর্মীর বেতন বাড়ছে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
সংস্থা জানিয়েছে, জুনিয়র থেকে সিনিয়র অ্যাসোসিয়েট স্তরের কর্মীদের এই বেতন বৃদ্ধির আওতায় আনা হবে। বেতন বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে কর্মীদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর। যাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো, তারা সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবেন। এর আগে চলতি বছরেই কগনিজেন্ট অ্যাসোসিয়েটদের গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ বোনাস দিয়েছে।
কয়েক সপ্তাহ আগেই টিসিএস তাদের ৮০ শতাংশ কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল, যা সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হচ্ছে। এই ঘোষণার পর থেকেই কগনিজেন্টের কর্মীদের মধ্যেও বেতন বৃদ্ধির আশা তৈরি হয়েছিল। অবশেষে কগনিজেন্টের এই সিদ্ধান্ত কর্মীদের মধ্যে স্বস্তি এনেছে।
বর্তমানে যখন আইটি সেক্টরে ছাঁটাই এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা চলছে, তখন কগনিজেন্টের এই পদক্ষেপ কর্মীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে বলে মনে করা হচ্ছে। কর্মীদের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের জন্যই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।