জুটি বাঁধছেন শাহরুখ-নিখিল কামাথ! বাজারে ঝড় তুলতে আসছে নতুন চমক

বলিউডের বাদশা শাহরুখ খান এবার জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে এক নতুন ব্যবসায়িক উদ্যোগে যোগ দিলেন। তারা দুজনে মিলে অ্যালকোহলিক বেভারেজ সংস্থা D’Yavol Spirits-এর অংশীদার হচ্ছেন। এই প্রথমবার কোনো বলিউড তারকার সঙ্গে ভারতের অন্যতম সফল ব্যবসায়ীর এই ধরনের অংশীদারিত্ব দেখা যাচ্ছে।
নতুন সংস্থার অংশীদারিত্বের কাঠামো
D’Yavol Spirits-এ অ্যালকোহলিক বেভারেজ কোম্পানি র্যাডিকো খৈতানের ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বাকি ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব SLAB ভেঞ্চার্সের, যা শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, এবং তাদের পারিবারিক বন্ধু লেটি ব্লাগোয়েভা ও বান্টি সিংয়ের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হয়েছে। নতুন এই সংস্থার বাকি ৫ শতাংশ অংশীদার হবেন নিখিল কামাথ।
SLAB ভেঞ্চার্স ২০২২ সাল থেকে ‘D’Yavol’ ব্র্যান্ডের অধীনে আল্ট্রা-প্রিমিয়াম ভদকা এবং স্কচ বিক্রি করছে। এই সংস্থার মার্কেটিংয়ের দায়িত্ব এবার সম্পূর্ণভাবে নেবে র্যাডিকো খৈতান।
তারকাদের বিনিয়োগে নতুন ধারা
গত কয়েক বছরে প্রিমিয়াম স্পিরিট কোম্পানিগুলোতে সেলিব্রিটিদের বিনিয়োগের প্রবণতা বেড়েছে। এর আগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও অজয় দেবগন কার্টেল ব্রোস-এর মতো স্টার্টআপে বিনিয়োগ করেছেন। রণবীর সিংয়ের বিনিয়োগ রয়েছে অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিস-এর এবিডি মায়েস্ত্রো সংস্থায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখ খান এবং নিখিল কামাথ। তাদের এই উদ্যোগটি ভারতে তারকা ও সফল ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।