‘প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল…’ ভয়ঙ্কর যৌন হেনস্থার স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী!

নারীদের জীবনে রাস্তাঘাটে, বাসে, ভিড়ে যৌন হয়রানির ঘটনা প্রায়ই ঘটে। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী গৌতমী কাপুর তাঁর স্কুলজীবনের এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ‘স্পেশ্যাল অপস’-এর তৃতীয় সিজনের সাফল্যের পর গৌতমী যখন তাঁর কেরিয়ারের শিখরে, তখনো সেই স্মৃতি তাঁর মনে এক গভীর দাগ কেটে আছে।

গৌতমী বলেন, “আমি তখন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একদিন স্কুল থেকে ফেরার পথে বাসে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে এক লোক আমার প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল। আমি এতটাই ছোট ছিলাম যে কয়েক মিনিট লেগে গেল কী হচ্ছে তা বুঝতে! ভয়ে কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে পড়ি, মাথায় তখন একটাই চিন্তা, লোকটা কি আমার পিছু পিছু আসবে না তো?”

ওই নোংরা লোকটির ভয় ছাড়াও গৌতমীর মনে মায়ের প্রতিক্রিয়ার ভয়ও ছিল। “ভাবছিলাম মা রাগ করবে কিনা… কিন্তু মা আমার মুখের ভাব দেখেই জিজ্ঞেস করল, কী হয়েছে। তখন সব খুলে বললাম। শুনে মা বললেন, ‘ওই মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে একটা চড় মারতে হবে’।” গৌতমীর মা তাঁকে শিখিয়েছিলেন, এমন পরিস্থিতিতে কখনো চুপ করে থাকতে নেই। “হাত চেপে ধরো, জোরে চিৎকার করো। প্রয়োজনে পেপার স্প্রে ব্যবহার করো, না হলে জুতো দিয়েও মারো।” এর আগেও গৌতমীর ঠাকুমা একজন ট্রোলকে উপযুক্ত জবাব দিয়েছিলেন, যখন তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য বিকিনি পরা নিয়ে সতর্ক করেছিলেন।

আজ একজন সফল অভিনেত্রী, রাম কাপুরের স্ত্রী এবং আত্মবিশ্বাসের প্রতীক গৌতমী তাঁর শৈশবের এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করে সব মেয়েদের উদ্দেশে এক শক্তিশালী বার্তা দিলেন— হয়রানি সহ্য করা নয়, প্রতিরোধই একমাত্র উত্তর।

ইন্ডিয়ান ওটিটি-র অন্যতম জনপ্রিয় স্পাই থ্রিলার ‘স্পেশ্যাল অপস’ তৃতীয় সিজন নিয়ে ফিরে এসেছে। জিও হটস্টারের এই সিরিজটি দেখে অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অভিনেতা কে কে মেনন তাঁর জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে ফিরেছেন, এবং তাঁর সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী।

সিরিজের প্রযোজক নীরজ পান্ডে জানান, “স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছিলাম এমন একটি জগৎ তৈরি করতে, যা থ্রিল, স্কেল এবং ইমোশন—এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।” কে কে মেনন বলেছেন, “হিম্মত সিং আমার কাছে শুধু একটি চরিত্র নয়, একটি যাত্রা। এই সিজনে তার শক্তির পাশাপাশি দুর্বলতাও উঠে এসেছে।”

ফ্যানদের জন্য বড় চমক ছিল টোটা রায়চৌধুরীর উপস্থিতি। ‘রকি ঔর রানি’ দিয়ে দর্শকের মন জয় করার পর এবার তিনি এই সিরিজে একদম নতুন ভূমিকায় এসেছেন। তিনি নীরজ পান্ডেকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আ ওয়েডনেসডে দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস-২ তে কাজ করতে চান, আমি চমকে গিয়েছিলাম।” ফারুক আলি চরিত্রে অভিনয় করা করণ টাক্কারও তাঁর উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন, “শৈশব থেকেই স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।”