বাড়ি ফেরা হল না! মাঝপথেই পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষিকার, শোকে শিক্ষিক-ছাত্ররা

মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাপসী জানা (৩৩) মারা গেছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ও পরিচিত দেবাশীষ পট্টনায়ক। এই ঘটনায় বিদ্যালয় এবং শিক্ষিকার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিবরণ
শিক্ষিকা তাপসী জানা পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্রাম থেকে প্রতিদিন বাসে করে বাগনানের স্কুলে যাতায়াত করতেন। মঙ্গলবার স্কুল শেষে তিনি পরিচিত দেবাশীষ পট্টনায়কের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। দেবাশীষ পট্টনায়কও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তাপসীদেবীর প্রাক্তন শিক্ষকও বটে। বিকেল ৪টে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের হলদিয়া মোড়ে একটি দিঘাগামী বাস বাইকটিকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান দু’জনেই। গুরুতর আহত অবস্থায় দু’জনকে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাপসী দেবীকে মৃত ঘোষণা করেন। দেবাশীষ পট্টনায়কের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিদ্যালয়ে শোকের আবহ
বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মণ্ডল জানিয়েছেন, তাপসী জানা এই বছরের ফেব্রুয়ারি মাসেই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি তার ছাত্রছাত্রীদের কাছে প্রিয় শিক্ষিকা হয়ে উঠেছিলেন। তিনি একজন অত্যন্ত দায়িত্ববান শিক্ষক ছিলেন এবং পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।