রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি দেখেনিন?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ, বুধবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। তবে রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে এবং অস্বস্তিকর গরম বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে রবিবার ও সোমবার আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জারি হয়েছে সতর্কতা
আবহাওয়া দফতর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে বিশেষ করে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে।