অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী, কেমন আছেন এখন? রইল রিপোর্ট

প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং আগামী কয়েকদিন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।
মায়ের অসুস্থতায় উদ্বেগ সৌরভের
গতকাল সন্ধ্যায় সিএবি (CAB)-তে থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় তার মায়ের অসুস্থতার খবর পান। খবর শুনে তিনি তড়িঘড়ি সিএবি ছেড়ে হাসপাতালে ছুটে যান। নিরূপা দেবীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন তার দাদা ও সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে নিরূপা দেবী জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরিনারি ইনফেকশনের সম্ভাবনা
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, ৭৬ বছর বয়সী নিরূপা দেবীর বেশ কিছু বয়সজনিত সমস্যা রয়েছে। এর আগেও একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এবার তার মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ইনফেকশনের সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। ২০২১ সালে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তখনো তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।