স্বামীর সঙ্গে ঝামেলা..! পারিবারিক কলহের জেরে দুধের সন্তানকে খুন, মালদায় চাঞ্চল্য

পারিবারিক অশান্তির জেরে নিজের দু’বছরের সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এরপর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলার গাজোলের আহোড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মর্মান্তিক পরিণতি
আহোড়া গ্রামের গণেশ সরকার তার স্ত্রী জনকা মণ্ডল এবং দু’বছরের সন্তান গৌরবকে নিয়ে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে জনকা তার সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন এবং ব্লেড দিয়ে নিজের গলা ও হাতের শিরা কাটেন। বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা গৌরবকে মৃত ঘোষণা করেন।

স্বামীর কটূক্তির অভিযোগ
পুলিশের কাছে জনকা মণ্ডল জানান, তার স্বামী তাকে কটূক্তি করতেন এবং বিষ খেয়ে মরে যেতে বলতেন। তিনি বলেন, “আমি যদি মরে যাই, তবে আমার বাচ্চার কী হবে? ও তো এমনিতেই মরে যাবে। তাই বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি।” যদিও তার স্বামী গণেশ সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “ছোটখাটো ঝগড়া হয়, কিন্তু তার জন্য এত বড় ঘটনা ঘটবে, তা ভাবতে পারছি না।”

তদন্ত শুরু করেছে পুলিশ
গাজোল থানার পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জনকা মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বশুর গোবিন্দ সরকার তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।