সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স বিতর্ক, RBI গভর্নরের বক্তব্যে স্পষ্ট কেন্দ্রীয় ব্যাঙ্কের দায় নেই

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের পরিমাণ নিয়ে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়টি কেন্দ্রীয় ব্যাঙ্কের আওতার বাইরে। সম্প্রতি আইসিআইসিআই ব্যাঙ্কের মতো কিছু বেসরকারি ব্যাঙ্ক মিনিমাম ব্যালেন্সের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এই সীমা শূন্য করে দিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

গুজরাটের একটি অনুষ্ঠানে সঞ্জয় মালহোত্রা বলেন, “মিনিমাম ব্যালেন্সের বিষয়টি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের আওতায় পড়ে না। প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব অধিকার রয়েছে যে তারা তাদের অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা রাখতে হবে তা নির্ধারণ করবে।”

এই বিতর্কের সূত্রপাত হয় যখন আইসিআইসিআই ব্যাঙ্ক ঘোষণা করে যে, ১ আগস্টের পর থেকে মেট্রো ও শহুরে এলাকায় নতুন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতে হবে। যদি এই পরিমাণ বজায় না রাখা হয়, তাহলে যত টাকা কম থাকবে তার উপর ৬ শতাংশ পেনাল্টি কাটা হবে, যদিও এর সর্বোচ্চ সীমা ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই বলে জানিয়েছে। এই দুই বিপরীত অবস্থানের ফলে সাধারণ মানুষ কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের এই মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেল যে, ব্যাঙ্কগুলির ন্যূনতম ব্যালেন্স নীতি নির্ধারণের ক্ষেত্রে RBI সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, যা প্রতিটি ব্যাঙ্কের অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভরশীল।