বসিরহাট স্টেশনে বুলেট ট্রেন, AI-এর অপব্যবহারে বিভ্রান্তি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহারের সাম্প্রতিক উদাহরণ হিসেবে এবার সামনে এল বসিরহাট স্টেশনের একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, বসিরহাট স্টেশনে একটি বুলেট ট্রেন ঢুকছে এবং তার আগমন নিয়ে ঘোষণা চলছে। ট্রেন ধরতে যাত্রীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়িও দেখা যাচ্ছে। এই ভিডিওটি দেখে অনেকেই হাসাহাসি করলেও, সিংহভাগ মানুষই এই ধরনের ভুয়ো কনটেন্ট ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
যাত্রীদের মধ্যে এই ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুভঙ্কর নন্দী নামে এক যাত্রী বলেন, “এই ভিডিও অনেককে বিভ্রান্ত করে। আমরা হয়তো এগুলো ধরতে পারছি, কিন্তু অনেকেই আছেন যাঁরা AI-এর এই দৌরাত্ম্য সম্পর্কে জানেন না। ফলে তাঁরা সহজেই বিভ্রান্ত হচ্ছেন।” অন্য একজন যাত্রী বলেন, “এগুলো করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়। যারা এই ধরনের ভিডিও ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।”
ভিডিওটি সামনে আসার পর থেকেই পক্ষে-বিপক্ষে নানা মত উঠে আসছে। তবে বেশিরভাগ মানুষই এই ধরনের কাজের নিন্দা করছেন। সৌরভ মণ্ডল নামে এক যাত্রী বলেন, “AI-কে নিয়ে তো যাচ্ছেতাই হচ্ছে। কোথাও দেখছি ব্রিজ ভেঙে পড়ছে, কোথাও আবার বসিরহাট স্টেশনে বুলেট ট্রেন ঢুকছে। এতে মানুষ ভুল বুঝতে পারে এবং ভুল পথে চালিত হতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়ো ভিডিও ও ছবি সমাজে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়াচ্ছে। এর আগে বরফে ঢাকা কলকাতা বা বাঘের ছবি নিয়েও অনেক ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছিল। এই ঘটনার পর এআই-এর অপব্যবহার রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।