ভরতপুরের বিধায়ককে কড়া বার্তা অভিষেকের, ‘দলকে বিড়ম্বনায় ফেলবেন না’

দলবিরোধী মন্তব্য করে এবং নতুন দল গড়ার হুমকি দিয়ে বারবার বিতর্কের কেন্দ্রে থাকা মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়লেন। সোমবার বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠকের পর জানা গেছে, আপাতত হুমায়ুন দল ছাড়ছেন না, তবে তাকে তার মন্তব্যের জন্য কড়া ভাষায় তিরস্কার করা হয়েছে।
বিধানসভার আসন্ন ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এই বৈঠকের অংশ হিসেবে আজ বহরমপুর ও মুর্শিদাবাদ জেলার ১০ জন বিধায়ককে নিয়ে তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। হুমায়ুন কবীরের উপস্থিতি এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়েছিল। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, এই বৈঠকে তার রাজনৈতিক ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে।
বৈঠক শেষে সূত্র মারফত জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবীরকে তার বেফাঁস মন্তব্য এবং দলের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন। অভিষেক তাকে বলেছেন, “আপনি সবকিছু নিয়ে কথা বলেন। দলকে বিড়ম্বনায় ফেলেন। আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান।” একই সঙ্গে, অভিষেক বৈঠকে উপস্থিত নেতাদেরও দলের বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
বৈঠকে অভিষেক বহরমপুর সাংগঠনিক জেলার ২২টি বিধানসভায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে ৬০০ কোটি টাকার বেশি খরচের কথা জানান। তিনি নেতাদের নির্দেশ দেন, এই টাকার যেন সঠিক ব্যবহার হয় এবং এই প্রকল্পটিকে আসন্ন নির্বাচনের আগে ভোট বৈতরণী পেরোনোর আবশ্যিক শর্ত হিসেবে গণ্য করা হয়।
হুমায়ুন কবীর তার বিধানসভা এলাকার ব্লক সভাপতি নিয়ে আপত্তির কথা জানালেও, জানা গেছে যে সমস্ত আপত্তি নোট করা হয়েছে। তবে ব্লক সভাপতি বদলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।