প্রতি কেজি এক লক্ষ টাকা, দুবাইয়ের বাজারে এবার আলিপুরদুয়ারের ‘গোল্ড টি’

শুনতে অবাক লাগলেও এক কেজি চায়ের দাম এক লক্ষ টাকা! এমনই এক বিশেষ ধরনের ‘গোল্ড টি’ নিয়ে এবার দুবাইয়ের ট্রেড ফেয়ারে হাজির হচ্ছে আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ী চা বাগান। সোমবার আনুষ্ঠানিকভাবে এই বহুমূল্যের চা বাজারজাত করা হয়েছে। এই চা বাগান এর আগেও মুনলাইট টি এবং ম্যাঙ্গো টি-র মতো অভিনব চা তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিল।
মাঝেরডাবড়ী চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান, “দেশে এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ‘গোল্ড টি’ দুবাইয়ের ট্রেড ফেয়ারে যাচ্ছে। বিদেশের বাজারে এর বাজারজাত শুরু হচ্ছে।” এই চায়ের এত দাম কেন, সেই প্রশ্নের উত্তরে ম্যানেজার বলেন, এই চা তৈরি করতে ‘এডিবল’ বা খাওয়ার যোগ্য সোনার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে গোলাপের পাপড়ি, যা এর স্বাদ এবং গন্ধকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
চিন্ময় ধর বলেন, “বহুদিন ধরে এই চা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর দাম এক লক্ষ টাকা প্রতি কেজি। এটি স্বাদে-গন্ধে অন্য যেকোনো চায়ের চেয়ে ভালো। এই চা খেলে ইমিউনিটি পাওয়ার এবং হজম শক্তি বাড়বে।” তিনি আরও জানান, মাঝেরডাবড়ী চা বাগান বর্তমানে ৪২ ধরনের ভিন্ন ফ্লেভারের চা উৎপাদন করছে। যখন ডুয়রসের অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ মাঝেরডাবড়ী চা বাগানকে নতুন করে তুলে ধরছে।
এই বিশেষ ‘গোল্ড টি’ মাঝেরডাবড়ীর টি লাউঞ্জে পাওয়া যাবে। ইতিমধ্যেই দিল্লিতে ডাবড়ীর আউটলেটে এর বিক্রি শুরু হয়েছে। চা প্রেমীদের জন্য এটি একটি নতুন এবং বিলাসবহুল অভিজ্ঞতা হতে চলেছে।