আমির ও সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন প্রীতি, সেই গুজবের পেছনের আসল ঘটনা,

বলিউডের ‘বাবলি গার্ল’ এবং ‘প্রিটি উইম্যান’ প্রীতি জিনতা এখন বিদেশি স্বামী জেনে গুডএনাফের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কিন্তু একসময় তাকে নিয়ে এমনই একটি গুজব ছড়িয়েছিল যা তাকে রীতিমতো কষ্ট দিয়েছিল। ২০০১ সালে এমন খবর রটেছিল যে প্রীতি নাকি গোপনে আমির খান এবং সঞ্জয় দত্তকে বিয়ে করেছেন! সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারে তিনি নিজেই সেই ঘটনার পেছনের আসল গল্প ফাঁস করেছেন।

সাক্ষাত্কারে প্রীতি জিনতা সিমি গেরেওয়ালকে জানিয়েছিলেন, তখন ‘দিল চাহাতা হ্যায়’ ছবিটি সবে মুক্তি পেয়েছে এবং আমির খানের সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয়তা পাচ্ছিল। ঠিক সেই সময়ে তিনি একটি ম্যাগাজিনের জন্য সঞ্জয় দত্তের সঙ্গে ফটোশুট করেন, যা বেশ প্রশংসিত হয়। সবকিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎই গুজব ছড়াতে শুরু করে যে তিনি নাকি গোপনে আমির খানকে বিয়ে করেছেন।

প্রীতি জানান, “আমি এই খবর শুনে অবাক হয়ে গিয়েছিলাম। শুরুতে আমি এই বিষয়ে কোনো কথা বলিনি। আমিরের মতো একজন ভালো মানুষের সঙ্গে এমন ধরনের গুজব জড়ানোতে আমার খুব কষ্ট হয়েছিল। পরে আমির আমাকে বুঝিয়েছিল যে এসব গসিপে কান দিতে নেই।”

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি বিস্ফোরক গুজব রটে যায়। একই বছরে খবর বের হয় যে তিনি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছেন। প্রীতি বলেন, “সঞ্জয় দত্ত আমার পারিবারিক বন্ধু। সে আমার দাদার মতোই। তাকে নিয়ে এমন মিথ্যা রটনায় আমি খুবই কষ্ট পেয়েছিলাম।” এই ধরনের গুজব থামাতে তার ম্যানেজারকে সংবাদমাধ্যমে একটি বিবৃতিও দিতে হয়েছিল। প্রীতি বলেন, সাধারণ মানুষ এসব গুজব উপভোগ করলেও তারকাদের জীবন কঠিন হয়ে ওঠে।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রীতি জিনতা মার্কিন নাগরিক জেনে গুডএনাফকে বিয়ে করেন এবং বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে থাকেন।