আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, জম্মুর কাঠুয়ায় গুলিবিদ্ধ পাকিস্তানি নাগরিক আটক

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সোমবার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় এক পাকিস্তানি নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছেন BSF জওয়ানরা।
BSF-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে ওই পাকিস্তানি নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল। সতর্ক করার পরও সে পিছু না হটে এগিয়ে আসতে থাকলে বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লাগায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জখম অবস্থায় ওই অনুপ্রবেশকারীকে জওয়ানরা আটক করে নিজেদের হেফাজতে নেয়।
আটককৃত ওই পাকিস্তানি নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, সে কেন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে পাকিস্তান রেঞ্জার্সের কাছে ভারত কড়া প্রতিবাদ জানাবে বলেও বিএসএফ সূত্রে খবর।
অন্যদিকে, একই দিনে ভারত-নেপাল সীমান্ত থেকে এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। জাং ইয়ং নামের ওই ৬২ বছর বয়সী ব্যক্তির কাছ থেকে চীনের পাসপোর্ট পাওয়া গেলেও তার কাছে ভারতে প্রবেশের জন্য কোনো বৈধ ভিসা পেপার ছিল না। তিনি কেন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে।