প্যাচপ্যাচে গরমেও আর কষ্ট নয়, বারুইপুর হাসপাতালে চালু AC অ্যাম্বুল্যান্স এর পরিষেবা

প্রসূতি মা ও নবজাতকদের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বারুইপুর মহকুমা হাসপাতাল। এবার থেকে এই হাসপাতালে প্রসূতিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। এই অত্যাধুনিক সুবিধার ফলে গর্ভবতী মহিলা এবং সদ্যোজাতদের হাসপাতালে যাতায়াতে আর কোনো সমস্যা হবে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই পরিষেবার মাধ্যমে একজন গর্ভবতী মহিলা ১০২ নম্বরে ডায়াল করলেই শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে যাবে এবং দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসবে। একইভাবে, সন্তান জন্ম হওয়ার পর মা ও নবজাতককে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে এই অ্যাম্বুলেন্স। এছাড়াও, যদি কোনো প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়, তবে তাঁকে অন্য কোনো সরকারি হাসপাতালে স্থানান্তর করার জন্যও এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।

মোট পাঁচটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলিতে অক্সিজেন এবং প্রেশার পরীক্ষার মতো অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্রশিক্ষিত নার্সও থাকেন। এর আগে হাসপাতালে চারটি সাধারণ অ্যাম্বুলেন্স থাকলেও, এই নতুন শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবা প্রসূতিদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রসূতি মা এবং নবজাতকদের জন্য দ্রুত, নিরাপদ এবং বিনামূল্যে পরিবহন পরিষেবা নিশ্চিত করা। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মায়েদের হাসপাতালে পৌঁছানোর সমস্যা সমাধানের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে। হাসপাতালের এই অত্যাধুনিক উদ্যোগে খুশি রোগীর পরিবার-পরিজনও।