কেরলে কর্মরত বাঙালি শ্রমিককে খুনের অভিযোগ, ফালাকাটার পরিবারে শোকের ছায়া

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগের মধ্যেই এবার আরও ভয়াবহ খবর সামনে এসেছে। কেরলে কর্মরত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা আবুল হোসেন নামে এক শ্রমিককে খুন করার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার তার নিথর দেহ উদ্ধার করে কেরল পুলিশ।

পরিবারের অভিযোগ, কাজের টাকার কমিশন নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদের জেরে আবুলকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। ফালাকাটা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন কেরলে রঙের কাজ করতেন। গত ৪ অগস্ট তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে শুক্রবার তার দেহ একটি জঙ্গল থেকে উদ্ধার হয়। কেরল পুলিশ ফোন করে আবুল হোসেনের পরিবারকে এই খবর জানায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই খবর পাওয়ার পর ফালাকাটার গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। আবুল হোসেনের স্ত্রী এবং একটি ছোট্ট শিশু রয়েছে। তার কাকা জানান, “আমার ভাগ্না কেরলে গিয়েছিল কাজের জন্য। গত বুধবার থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। পুলিশকে জানানোর পর শুক্রবার জানতে পারি তার দেহ পাওয়া গেছে।”

এই মর্মান্তিক ঘটনার পর সোমবার ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং তৃণমূল টাউন সভাপতি শুভব্রত দে ওই শ্রমিকের বাড়িতে যান। শুভব্রত দে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, আবুল হোসেনের স্ত্রী এবং শিশুর যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয়, তার জন্য টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে। এই ঘটনায় ফালাকাটার স্থানীয় বাসিন্দারাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।