এসএসসি-তে চাকরিহারাদের পুনর্বহাল, পুরোনো সরকারি পদে ফিরছেন শিক্ষকরা

সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনে (SSC) চাকরি হারানো শিক্ষকদের মধ্যে যাঁরা আগে অন্য সরকারি চাকরি করতেন, তাঁদের পুরোনো পদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী, এখনও পর্যন্ত ২০ জনকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়েছে নবান্ন।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেয়। ওই রায়ে শীর্ষ আদালত জানায়, যে সব চাকরিহারা প্রার্থীরা আগে রাজ্য সরকারের অন্য দফতরে কাজ করতেন, তাঁরা পুরনো চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করতে পারেন। আদালত আরও নির্দেশ দেয় যে, তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরকে তাঁদের পদ ফিরিয়ে দিতে হবে। তাঁদের পুনরায় কাজে যোগ দেওয়াকে ‘ব্রেক অব সার্ভিস’ হিসেবে গণ্য করা হবে না। প্রয়োজনে সুপারনিউমেমারি পোস্ট তৈরি করেও তাঁদের নিয়োগের কথা বলা হয়।
রাজ্য প্রশাসন সেই নির্দেশ মেনেই এই প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক ধাপে যে ২০ জনকে পুনর্বহালের সবুজ সংকেত দেওয়া হয়েছে, তাঁরা স্বরাষ্ট্র, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা ইত্যাদি দফতরের চাকরি ছেড়ে শিক্ষকতায় এসেছিলেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ২০ জনের মধ্যে পাঁচজন স্বরাষ্ট্র দফতরের কর্মী ছিলেন।
এখনও পর্যন্ত পুরোনো পদে পুনর্বহালের জন্য প্রায় সাড়ে চার হাজার আবেদন জমা পড়েছে। প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, আবেদনগুলো খতিয়ে দেখে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নতুন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।