দিল্লিতে ধুন্ধুমার! লাফ দিয়ে পুলিশের ব্যারিগেটের উপর চড়ে টপকালেন অখিলেশ যাদব, দেখুন ভিডিও

ভোটার তালিকায় ‘ভোটচুরি’র অভিযোগ তুলে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিতে নেমেছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নেতারা। পূর্বঘোষিত এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসা নেতাদের পথ আটকে দেয় দিল্লি পুলিশ, যার ফলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এরই মধ্যে এক অভূতপূর্ব দৃশ্যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে পুলিশের ব্যারিকেড টপকে যেতে দেখা যায়, যা দেখে সবাই অবাক হয়ে যান।
সোমবার সকালে দিল্লির মকরদ্বার থেকে বিরোধী নেতারা নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু কমিশনের অফিসের কাছাকাছি পৌঁছানোর আগেই দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের পথ আটকে দেয়। এই সময় ব্যারিকেডের সামনে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে অখিলেশ যাদবকে দেখা যায় পুলিশের ব্যারিকেডের উপর লাফ দিয়ে তা টপকে যেতে। তাঁর এই পদক্ষেপ দেখে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নেতা-কর্মী ও পুলিশ সদস্যরাও হতবাক হয়ে যান।
এই বিক্ষোভ মিছিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ বিরোধী শিবিরের প্রায় সব শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিহার ও অন্যান্য রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে বিরোধীরা এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এবং ভুয়ো ভোটারের নাম যোগ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপদজনক।
#WATCH | Delhi: Samajwadi Party chief Akhilesh Yadav jumped over a police barricade as Delhi Police stopped INDIA bloc leaders marching from the Parliament to the Election Commission of India to protest against the Special Intensive Revision (SIR) of electoral rolls in poll-bound… pic.twitter.com/ddHMdwWPqs
— ANI (@ANI) August 11, 2025
পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তির সময় একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল নেতারা পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছেন। অখিলেশ যাদবের ব্যারিকেড টপকানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে আলোচনা তুঙ্গে।