‘আমি গরিব’, ৭০০০ কোটির সম্পত্তির মালিক হয়েও কেন এমন দাবি শাহরুখ খানের?

তিনি বলিউডের ‘বাদশা’, যাঁর প্রতিটি ছবির পারিশ্রমিক এখন ১০০ কোটি টাকারও বেশি। তাঁর ছবি বক্স অফিসে ১০০০ কোটির রেকর্ড গড়েছে। ৭০০০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক হয়েও শাহরুখ খান নিজেকে ‘গরিব’ বলে দাবি করে সবাইকে চমকে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই দাবির পেছনের কারণ ব্যাখ্যা করেছেন।

শাহরুখ বলেন, “আমার বড় বাড়ি রয়েছে, বড় অফিস আছে, বড় বড় ছবি আছে। আমার অর্থ এসবের পেছনেই খরচ হয়। একমাত্র ছবির পেছনেই আমি টাকা খরচ করতে আমি পছন্দ করি।” তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ জীবনযাপন করেন। “আমি রেস্তোরাঁতে যাই না, বাড়িতে যা খাবার হয় তাই খাই, একই খাবার খাই। পোশাকও কিনি না। আমার যা আছে, সবটাই সংস্থা থেকে পাওয়া। আমি সেই অর্থে দেখতে গেলে গরিব। আমি সাফল্য উদযাপন করি না।”

নিজের ব্যক্তিগত চাহিদা সম্পর্কে তিনি বলেন, “আপনি যদি আমার সঙ্গে পর পর সাত দিন দেখা করেন, দেখবেন আমি একই প্যান্ট পরে আছি। আমি মানুষকে উপহার দিতে পছন্দ করি, কিন্তু নিজের জন্য কিছুই কিনি না। আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই।” তিনি জানান, তিনি তাঁর সন্তানদের ইচ্ছে পূরণ করতে পছন্দ করেন। এছাড়াও তিনি গান শোনেন না, তাই তাঁর কাছে কোনো স্পিকারও নেই। তাঁর অনেক জুতো আছে, তবে সেগুলো সবই শুটিং থেকে পাওয়া, কারণ তিনি শুধু স্নিকার্স পরেন।

শাহরুখ খান বরাবরই তাঁর সঞ্চয় নিয়ে যত্নশীল। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি অর্থের অপচয় করেন না। তবে তিনি একটি বিষয়ে কষ্ট পান। এক সাক্ষাৎকারে করণ জোহরকে তিনি বলেছিলেন, “আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।” এর থেকে বোঝা যায় যে, অর্থের চেয়েও সম্পর্কের মূল্য তাঁর কাছে অনেক বেশি।