পাক জঙ্গি ঘাঁটিগুলিকে কীভাবে চুরমার করেছে ভারত! স্বাধীনতা দিবসের আগে দেখেনিন কিছু ‘ঝলক’

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় বায়ুসেনা ‘অপারেশন সিঁদুর’-এর আরেকটি ভিডিও প্রকাশ করেছে। রবিবার এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী টুইটার) পোস্ট করা এই ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এটি পহেলগাঁও হামলার প্রত্যুত্তরে চালানো ভারতীয় সেনার একটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল।
ভিডিওতে দেখা যায়, বোমার আঘাতে একটি বিশাল বাড়ি কার্যত ধুলিসাৎ হয়ে গেছে এবং আরেকটি বাড়ির বিস্ফোরণের ‘বার্ডস আই ভিউ’ বা ওপর থেকে দেখা ছবি প্রকাশিত হয়েছে। এই ভিডিও প্রকাশের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা তাদের শক্তি এবং আক্রমণাত্মক নীতি আবারও প্রদর্শন করেছে।
ভিডিওটি শেয়ার করে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ‘গৌরবের সঙ্গে আকাশ ছোঁয়া’। এর পাশাপাশি একটি বার্তাও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, “ভারতকে আক্রমণ করলে দ্বিধার কোনো জায়গা নেই। বায়ুসেনা প্রত্যুত্তর দেবে নির্ভুলভাবে, নিজস্ব গতিতে এবং তা সমাধানও করে ছাড়বে।” এই ভিডিওতে ১৯৭১ সালের যুদ্ধের কিছু মুহূর্তও দেখানো হয়েছে, যা ভারতের সামরিক ইতিহাসের গৌরব তুলে ধরেছে।
Indian Air Force -Touch the Sky with Glory#IndianAirForce#YearOfDefenceReforms@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India@adgpi@IndiannavyMedia@indiannavy@CareerinIAF pic.twitter.com/FhFa3h8yje
— Indian Air Force (@IAF_MCC) August 10, 2025
কয়েকদিন আগে এয়ার ফোর্স চিফ এ পি সিং অপারেশন সিঁদুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই অভিযানে পাকিস্তানের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছিল, তার মধ্যে অন্যতম শাহবাজ জ্যাকোবাবাদ বিমানঘাঁটি। সেখানে একটি এফ-১৬ হ্যাঙ্গার ছিল, যার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, ওই হ্যাঙ্গারের ভেতরে থাকা বেশ কিছু বিমানও ধ্বংস হয়েছে।
স্বাধীনতা দিবসের আগে এই ধরনের ভিডিও প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা একদিকে যেমন নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে, অন্যদিকে পাকিস্তানকেও কড়া বার্তা দিচ্ছে।