‘ওয়ার টু’-এ কিয়ারার বিকিনি-দৃশ্য সত্যি কি বাদ গিয়েছে? জেনে নিন সত্যিটা

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ আগামী ১৪ই আগস্ট, ২০২৫-এ মুক্তি পেতে চলেছে। কিন্তু সিনেমাটির মুক্তির আগেই তা বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর নির্দেশে সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে কাটছাঁট করা হয়েছে, যার মধ্যে কিয়ারা আডভানির বিকিনি দৃশ্যটিও রয়েছে বলে জানা গেছে।

সিবিএফসি সূত্রে খবর, ‘ওয়ার ২’-এর নির্মাতারা সিনেমাটির একটি নতুন সংস্করণ সেন্সর বোর্ডের কাছে জমা দিয়েছিলেন, যেখানে প্রায় ১০ মিনিটের ফুটেজ সম্পাদিত হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটিকে একটি U/A16+ সার্টিফিকেট দেওয়ার আগে এই ১০ মিনিটের ফুটেজ কেটে ফেলার পরামর্শ দেয় এবং আরও কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয়।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমার প্রচারে কিয়ারা আডভানির বিকিনি পরা পুলের দৃশ্যটি ব্যাপক আলোচনায় এসেছিল, কিন্তু সেন্সর বোর্ডের নির্দেশে সেই দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে। এছাড়াও, ৯ সেকেন্ডের একটি অন্তরঙ্গ দৃশ্যও বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ সম্ভবত হৃতিক রোশনের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্যগুলি ছেঁটে ফেলা হয়েছে।

এছাড়াও, একটি অশ্লীল সংলাপ পরিবর্তন করে আরও উপযুক্ত সংলাপ ব্যবহার করা হয়েছে এবং একটি চরিত্রের অশোভন অঙ্গভঙ্গিও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিনেমাটির সমস্ত অন্তরঙ্গ দৃশ্য ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে অ্যাকশন দৃশ্যগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র ‘আভান জাভান’ গানেই মূল পরিবর্তনগুলো আনা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিয়ারা আডভানির অনুরাগীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। অনেকেই সিনেমা থেকে এমন গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন। এখন ১৪ই আগস্ট সিনেমাটি মুক্তির পর দেখা যাবে, সেন্সর বোর্ডের নির্দেশনার পর চূড়ান্ত সংস্করণে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে।