পুজোর আগে কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সভা থেকে রাজ্যের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, এই প্রকল্প ২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন চলবে এবং নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে ভাতা দেওয়া শুরু হবে। যদিও ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো ঘোষণা তিনি করেননি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ৯ লাখ ২৫ হাজার মা-বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নানা রকম বিধিনিষেধ রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না। সেখানে মাত্র একজন পায়। আমাদের এখানে সবাই পায়।” তিনি আরও বলেন, “২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন।”

মুখ্যমন্ত্রী জানান যে, শেষ ‘দুয়ারে সরকার’ শিবিরে যে সকল নতুন আবেদন জমা পড়েছে, তার ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলেই ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীরা ভাতা পেতে শুরু করবেন।

বর্তমানে এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে এই ভাতা বাড়ানো হবে। ধারণা করা হচ্ছে, সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী তাঁর এই সাম্প্রতিক বক্তৃতায় ভাতা বৃদ্ধি নিয়ে কোনো নিশ্চিত খবর দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ভাতা বাড়ানোর ঘোষণা আসতে পারে।

রাজ্যের মানুষের আর্থিক উন্নয়নের জন্য মমতা সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী-র মতো একাধিক প্রকল্প চালু করেছে, যার মধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ অন্যতম জনপ্রিয়। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পেয়ে থাকেন।