নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, শাড়ি পরেই ব্যারিকেডের উপরে উঠে পড়লেন মহুয়া মৈত্র

ভোটার তালিকায় নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলে আজ দিল্লির রাস্তায় প্রতিবাদে নামলেন বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের সাংসদরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তাঁরা নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করার জন্য মিছিল শুরু করেন। তবে মিছিল চলাকালীন পুলিশ ও আধা-সামরিক বাহিনী তাঁদের বাধা দেয়, যার ফলে রাজধানীর রাজপথে তৈরি হয় উত্তেজনা।

পুলিশের ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী সাংসদরা। এই সময় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ব্যারিকেডের উপর উঠে প্রতিবাদ করতে দেখা যায়, যা মুহূর্তেই সবার নজর কাড়ে। তাঁর এই প্রতিবাদী রূপ সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

পুলিশি বাধার মুখে বিরোধী সাংসদরা রাস্তায় বসে পড়েন। ইন্ডিয়া জোটের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য দলের বহু সাংসদকে রাস্তায় বসে প্রতিবাদ করতে দেখা যায়।

‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মতে, এটি গণতন্ত্রের ওপর একটি সরাসরি আক্রমণ। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাওয়ার জন্যই তাঁরা এই কর্মসূচি নিয়েছিলেন। যদিও দিল্লি পুলিশ তাঁদের মিছিলে আগেই অনুমতি দেয়নি।

বিরোধী সাংসদদের এই প্রতিবাদ দিল্লির রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়।