ভোটার তালিকা বিতর্ক! নির্বাচন কমিশনের দফতর ঘেরাও ইন্ডিয়া জোটের, তার আগেই সাক্ষাৎ করতে রাজি কমিশন

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) পদ্ধতি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। একাধিক বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, এই প্রক্রিয়ায় অসঙ্গতি ও ভোট চুরির অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে আজ, সোমবার, নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল বিরোধী দলগুলি। তবে তার আগেই নির্বাচন কমিশন বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছে।
জানা গিয়েছে, আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন বিরোধী সাংসদদের সাক্ষাতের জন্য ডেকেছে। সর্বোচ্চ ৩০ জন সাংসদ এই বৈঠকে অংশ নিতে পারবেন। কংগ্রেসের পক্ষ থেকে সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের সচিব অশ্বিনীকুমার মোহল। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা নির্দিষ্টভাবে জানা না গেলেও, মনে করা হচ্ছে SIR নিয়ে আপত্তি, এবং বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুল গান্ধীর তোলা প্রশ্নগুলি নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তাবটি প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য দলগুলিও এতে সমর্থন জানায়। সিদ্ধান্ত হয়েছিল যে আজ সকাল ১১টায় লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর পর সাড়ে ১১টায় সংসদের মকরদ্বারের সামনে থেকে প্রায় ২০০ সাংসদ মিছিল করে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত যাবেন এবং অবস্থান বিক্ষোভ করবেন। যদিও দিল্লি পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি।
এই কর্মসূচির জন্য বিরোধীরা প্রস্তুতি নিয়েছিল মাতৃভাষাতেও। ইন্ডিয়া জোটের সাংসদরা বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, মারাঠি, মালয়ালম-সহ বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিরোধী দলগুলি তাদের কর্মসূচি চালিয়ে যায় কিনা। এই বৈঠক ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক এবং বিরোধী দলগুলির অভিযোগের কোনো সমাধান নিয়ে আসে কিনা, সেদিকেই সকলের নজর থাকবে।