সীমান্তে আলো জ্বালাতে গিয়ে প্রাণ হারালেন বিএসএফ জওয়ান

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্তে আলো ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম স্বপ্ননীল সুভাষ সোনাওয়ানে, বয়স ৩৯। তিনি মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা ছিলেন এবং বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

জানা গিয়েছে, কনস্টেবল সোনাওয়ানে ব্যাটেলিয়নে ইলেকট্রিশিয়ানের দায়িত্বেও ছিলেন। শনিবার রাতে কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের মাধবপুর বিওপির দোলাকুড়িতে সীমান্তে কিছু আলো জ্বলছিল না। বিষয়টি নজরে আসার পর সমস্যা খতিয়ে দেখতে যান তিনি। কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকালে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা বালুরঘাট জেলা হাসপাতালে আসেন। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে এবং এরপর মৃতদেহ তাঁর পরিবারের কাছে পাঠানো হবে। মৃত জওয়ানের পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পতিরাম থানা এবং বিএসএফ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে বিএসএফের কোনো আধিকারিক ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। প্রায় নয় বছর আগে বিএসএফে যোগ দিয়েছিলেন স্বপ্ননীল সুভাষ সোনাওয়ানে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা বিএসএফ ব্যাটেলিয়নে শোকের পরিবেশ বিরাজ করছে।