“ভারতকে থামানো যাবে না”-ট্রাম্পের ট্যারিফ নিয়ে কড়া জবাব দিলেন রাজনাথ সিং

ভারতের অগ্রগতি এবং বিশ্বজুড়ে তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মুখ খুললেন রাজনাথ সিং। তিনি জানান, দেশের এই দ্রুত অগ্রগতি কিছু মহলের পছন্দ হচ্ছে না এবং তারা ভারতের পথরোধ করার চেষ্টা করছে। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো শক্তিই ভারতের এই জয়যাত্রা আটকাতে পারবে না।
তিনি বলেন, “ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, কিছু লোকের ভালো লাগছে না। সবার বস আমরা।” তার মতে, কিছু মহল সক্রিয়ভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে আরও ব্যয়বহুল হয়ে যায়। এর ফলে অন্যান্য দেশ সেই পণ্য কেনা থেকে বিরত থাকবে এবং ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভারত বিশ্ব অর্থনীতিতে তার অবস্থান আরও শক্তিশালী করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তার প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, “অনেকে চেষ্টা করছে, ভারতের জিনিস অন্য দেশে গেলে সেগুলি দামি হয়ে যাক। যাতে অন্য দেশের লোকেরা সেটা না কেনে।”
তবে এই ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও ভারত তার লক্ষ্য থেকে সরবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, “ভারত যেভাবে এগিয়ে চলেছে, আমি মনে করি, দুনিয়ার কোনও শক্তি আটকাতে পারবে না।” তার এই বক্তব্য ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ এবং আত্মবিশ্বাসের প্রতিফলন।