জামালপুর পোস্ট অফিসের আমানতকারীদের টাকা প্রতারণা, পোস্টমাস্টার গ্রেপ্তার

পূর্ব বর্ধমানের জামালপুর উপ-ডাকঘরে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ সুর। রবিবার বিকেলে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বুলচন্দ্রপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল।
সিআইডি সূত্রে জানা গেছে, জামালপুর উপ-ডাকঘরের পোস্টমাস্টার থাকাকালীন বিদ্যুৎ সুর প্রায় ১২ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করেছিলেন। জামালপুর হটতলা এলাকার পাল পরিবারের সদস্যরা এই প্রতারণার শিকার হন। পাল পরিবারের সুরজিৎ পাল এবং তার বাবা, মা, দিদি ও জামাইবাবু মিলে ২০২১ সালে এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে এই টাকা জমা করেছিলেন। বিদ্যুৎ সুর তাদের টাকা নিয়ে সিল ও স্ট্যাম্পযুক্ত অ্যাকাউন্ট বইও ইস্যু করে দিয়েছিলেন।
এক বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সুরজিৎ পালের মা রাধারানি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পরিবারের টাকার প্রয়োজন হয়। তখন তারা জামালপুর সাব-পোস্ট অফিসে গিয়ে ফিক্সড ডিপোজিট ভাঙানোর চেষ্টা করেন। তখনই তারা জানতে পারেন যে তাদের কোনো টাকা জমা পড়েনি এবং তারা প্রতারিত হয়েছেন।
এরপর টাকা ফেরত না পেয়ে পাল পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট এই ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সিআইডি দীর্ঘ তদন্তের পর রবিবার বিদ্যুৎ সুরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কলকাতার ভবানীভবনে নিয়ে আসে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে। সুরজিৎ পালের পরিবারের সদস্যরা জানিয়েছেন, “আদালত ও সিআইডির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।”