ভোটার তালিকার ঠিকানায় ‘শূন্য’, বিহারে ৩ লক্ষ ভোটারের তথ্য বিভ্রাট, তদন্তে কমিশন

বিহারে ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। চলতি মাসের ১ তারিখ নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে প্রায় ৩ লক্ষ ভোটারের বাড়ির ঠিকানা বা ক্রমিক নম্বর ‘শূন্য’ (০) লেখা রয়েছে। ‘দ্য নিউজ মিনিট’ নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এই তথ্যের সত্যতা স্বীকার করেছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও।

এই প্রসঙ্গে বিহারের উপ-নির্বাচনী আধিকারিক অশোক প্রিয়াদর্শী বলেন, “মাঝে মাঝে ভোটাররা তাদের বাড়ির নম্বর পূরণ করেন না, যে কারণে কিছু ক্ষেত্রে বাড়ির ঠিকানা শূন্য হিসেবে উঠে এসেছে।” তিনি জানান, কমিশনের ওয়েবসাইটে এখনও এই বিষয়ে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এই ত্রুটি সংশোধনের প্রক্রিয়া চলছে।

এদিকে, এই খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর বিরোধী দলনেতা তেজস্বী যাদব কমিশনকে আক্রমণ করে বলেছেন, কেন বুথ ভিত্তিক কত ভোটার বাদ পড়ল, সেই সংখ্যা জানানো হচ্ছে না। তিনি নিজের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগও তোলেন।

‘নিউজলন্ড্রি’ নামের একটি সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, পটনা এবং মগধ অঞ্চলে এই ধরনের ভুল সবচেয়ে বেশি দেখা গেছে। বিশেষ করে ঔরঙ্গাবাদ বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটারের বাড়ির ঠিকানা ‘শূন্য’ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচন কমিশনের এই ভুলের কারণে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।