আর্জিকর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন চিরঞ্জিত চক্রবর্তী

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের এক বছর পরেও সব অপরাধী ধরা না পড়ায় এবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রবিবার বারাসতে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমারও মনে হয় এই ঘটনার সব অপরাধী ধরা পড়েনি। সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন তা আমি বুঝতে পারছি না।”

নিহত তরুণীর বাবা-মায়ের সুরেই কথা বলেছেন চিরঞ্জিত। তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী করছে, তাদের নীতি কী, তা বোঝা যাচ্ছে না। চিরঞ্জিতের কথায়, “এর সমাধান কিন্তু হতেই হবে।”

একই সঙ্গে তিনি নবান্ন অভিযানে নিহত তরুণীর বাবা-মায়ের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ওই ঘটনায় বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলে চিরঞ্জিত বলেন, “বিজেপি-ই তাঁদের নিয়ে গিয়েছিল। তাদের নিরাপত্তা দেওয়া উচিত ছিল। কেন এমনটা হলো, তা নিয়ে আমি মর্মাহত।” তিনি আরও বলেন, “কার লাঠির আঘাতে মায়ের আঘাত লেগেছে তা বোঝা না গেলেও, তাঁকে মারা একদমই উচিত হয়নি।”

আরজি করের ঘটনার তদন্তে সিবিআইয়ের গাফিলতি নিয়ে চিরঞ্জিত বলেছেন, “সিবিআই তো কাউকে ধরছে না। তদন্তকারী সংস্থা আগেই বলেছিল যে হাসপাতালের ৯ নম্বর রুমে রক্তের দাগ পাওয়া গিয়েছিল, কিন্তু সেই রুমের চাবি খুঁজে পাওয়া যায়নি। অনেককে ঘটনাস্থলে আনাগোনা করতে দেখা গিয়েছিল। সিবিআই তো সেইসব তথ্য যাচাই করে দেখছে না।” এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সিবিআই কাউকে আড়াল করার চেষ্টা করছে কি না, সেই বিষয়ে তিনি বলেন, “সেটা আমার বিষয় নয়, তারাই ভালো বলতে পারবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। একদিকে যখন নিহত তরুণীর পরিবার বিচার চাইছে, তখন শাসকদলের বিধায়কের এমন মন্তব্য সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।