১৩ আগস্টে ফের দুর্যোগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টির বিরতি চললেও, ১৩ আগস্ট থেকে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বুধবার উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ এবং আগামিকালও এই ধারা বজায় থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে।

তবে আসল উদ্বেগ বাড়ছে বুধবার থেকে। এই দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে, আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।