কুকুর ও বিড়ালকে ঘাস খেতে দেখেছেন নিশ্চয়ই! এর পিছনের কারণ জানেন? তাহলে পড়ুন

বাড়িতে পোষা প্রাণী না থাকলেও, রাস্তার কুকুর বা বিড়ালকে ঘাস খেতে নিশ্চয়ই দেখেছেন। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হন, কারণ মাংসাশী প্রাণীর ঘাস হজম করার কথা নয়। কিন্তু এমন আচরণের পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ, যা পশু চিকিৎসকরা একাধিক গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন।
কেন কুকুর ও বিড়াল ঘাস খায়?
এই আচরণের পেছনে একাধিক তত্ত্ব রয়েছে। পশু চিকিৎসক জেমি লভজয়ের মতে, কুকুর ও বিড়ালের পেটে ঘাস হজম হয় না, তবুও তারা ঘাস খায়। প্রধান কারণগুলো হলো:
বমি করার জন্য: অনেক সময় পেট খারাপ হলে বা পেটে অস্বস্তি হলে কুকুর ও বিড়াল ঘাস খায়। ঘাস হজম না হওয়ায় তা বমির মাধ্যমে পেট থেকে বেরিয়ে আসে, যা অস্বস্তি কমাতে সাহায্য করে।
পরজীবী দূর করতে: বিশেষজ্ঞদের মতে, বাঘ, সিংহ ও নেকড়ের মতো মাংসাশী প্রাণীরাও মাঝে মাঝে ঘাস খায়। এর কারণ হলো অন্ত্রে বাসা বাঁধা পরজীবী। বমি করার মাধ্যমে তারা এই পরজীবীগুলো শরীর থেকে বের করে দেয়।
শরীরের রোম পরিষ্কার করা: কুকুর ও বিড়াল যখন তাদের শরীর চাটে, তখন কিছু রোম তাদের পেটে চলে যায়। দীর্ঘ সময় ধরে এই রোম জমে থাকলে তা সমস্যার সৃষ্টি করতে পারে। ঘাস খেয়ে বমি করার মাধ্যমে তারা এই রোমগুলো বের করে দেয়।
ঘাসে কি পুষ্টিগুণ আছে?
ঘাসের পুষ্টিগুণ খুব বেশি না হলেও, টেক্সাসের এঅ্যান্ডএম কলেজের অধ্যাপক লোরি টেলারের মতে, ঘাসে ভিটামিন বি-এর মতো কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তবে পশু চিকিৎসকরা নিশ্চিত যে, কেবল পুষ্টির জন্য কুকুর ও বিড়াল ঘাস খায় না।
ঝুঁকি ও সতর্কতা
কুকুর ও বিড়ালের ঘাস খাওয়া সাধারণত ক্ষতিকর নয়, তবে কিছু ক্ষেত্রে বিপদ হতে পারে। যে ঘাসে সার বা কীটনাশক ব্যবহার করা হয়েছে, তা খেলে পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়তে পারে। যদি ঘাস খাওয়ার পর আপনার পোষ্য অসুস্থ হয় বা বমি করতে থাকে, তাহলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।