“যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলব”, সুকান্তকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত AC লোকাল ট্রেনের উদ্বোধনের দিনেই দমদম স্টেশনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখান এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এর জেরে দুই দলের কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ সকালে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত AC লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। উদ্বোধন শেষে ট্রেনটি তাঁদের নিয়ে দমদমে আসে। সুকান্ত মজুমদার দমদমে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে গেলে INTTUC-র একদল সদস্য ‘বিজেপি বাংলা বিরোধী’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। একজন তৃণমূল কর্মী বলেন, “এদের বাংলায় কোনো জায়গা নেই। এরা বাংলা বিরোধী।” অপর এক সদস্য বলেন, “আমরা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না। এরা বাংলা ও বাঙালি বিরোধী। আমাদের বিদেশি বলছে, তাই যেখানেই দেখব সেখানেই জয় বাংলা বলব।”
এই ঘটনার তীব্র নিন্দা করে সুকান্ত মজুমদার বলেন, “আমি রেলমন্ত্রীকে জানাব। ভালো করে ভিডিও করে আরপিএফ-এর মাধ্যমে রেলমন্ত্রীকে পাঠাব।” তিনি অভিযোগ করেন, তৃণমূলের পতাকাধারী কর্মীরা এই বিক্ষোভ দেখিয়েছেন। তিনি বলেন, “এরা সকলে তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। INTTUC-র লোক নাকি কে জানে। সব শ্রমিক সেজে এসেছিল।”
উল্লেখ্য, সম্প্রতি বাঙালি অস্মিতা ইস্যুতে রাজ্যের রাজনীতি উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ভাষা আন্দোলন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্তা করা হচ্ছে এবং বাংলায় কথা বললে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দমদম স্টেশনের ঘটনাটি রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।