“ক্লাসে গেলেই প্রত্যেক দিন….”, শিলিগুড়ির নামী স্কুলে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার অষ্টম শ্রেণির ছাত্র

শিলিগুড়ির এক নামী স্কুলে র‍্যাগিংয়ের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্র। টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্র এখন স্কুল ছেড়ে দিতে চাইছে।

আহত ছাত্রটির অভিযোগ, অষ্টম শ্রেণির এক সহপাঠী প্রতিদিন তার কাছে ২০ টাকা করে দাবি করত। টাকা দিতে অস্বীকার করলেই তাকে মারধর ও হেনস্তা করা হতো। গত বুধ ও বৃহস্পতিবার স্কুলের ভেতরেই তাকে মারধর করা হয় এবং সেই মুহূর্তের ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে সে জানিয়েছে। অভিযোগ, ক্লাসরুমে সিসিটিভি না থাকায় সেখানেই তাকে হেনস্তা করা হতো।

ছাত্রের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি স্কুলের উপর ভরসা রাখতে পারছি না। র‍্যাগিং বললে স্কুল কর্তৃপক্ষ আপত্তি করে এবং বলে অন্য কোথাও ছেলেকে ভর্তি করে দিতে। র‍্যাগিং শব্দ উচ্চারণ করতে নিষেধ করে।” তিনি আরও বলেন যে, এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো লাভ হয়নি। এই ঘটনার পর তিনি ছেলেকে ওই স্কুলে আর পড়াতে চান না বলে জানিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমি এই বিষয়ে জানতাম না। উপযুক্ত পদক্ষেপ নিচ্ছি।” এই ঘটনা স্কুলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ছাত্রদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।