“দম থাকলে SIR আটকে দেখাক”-AC-লোকালের উদ্বোধনে এসে হুঁশিয়ারি সুকান্তর

শিয়ালদা-রানাঘাট রুটে প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হতেই রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল দমদম স্টেশন। রবিবার এই লোকাল ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি দমদম স্টেশনে পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন।

জানা গেছে, প্রথম এসি লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়। সুকান্ত মজুমদার এবং জগন্নাথ সরকারসহ অন্যান্য বিজেপি নেতারা সেই ট্রেনে সওয়ার ছিলেন। সুকান্ত মজুমদার দমদম স্টেশনে নামতেই সেখানে জড়ো হওয়া আইএনটিটিইউসি (INTTUC)-র কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মূলত, ‘এসআইআর’ (SIR)-এর বিরোধিতা এবং ‘বাঙালি অস্মিতায় আঘাতের’ প্রতিবাদে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান দিতে থাকে, যার ফলে দমদম স্টেশন চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছয়।

এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সুকান্ত মজুমদার বলেন, “মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, হাত ধরে টানাটানি করা হয়েছে। একটি সরকারি অনুষ্ঠানে তৃণমূলের গুন্ডামি চলছে। এসআইআর-এর ভয়ে তারা কাঁপছে। দম থাকলে আটকে দেখাক।” তিনি আরও বলেন, “তৃণমূলের দালালেরা শ্রমিক সেজে এখানে বিক্ষোভ দেখাতে এসেছিল। আমাদের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়েছে। আমরা ঘটনার ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছি এবং সরাসরি রেলমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করব।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নতুন এসি লোকাল ট্রেনের উদ্বোধন এক ঐতিহাসিক মুহূর্ত হলেও, তা রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকল।